যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: যবিপ্রবি শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিল ইউএসএ অ্যাম্বাসি

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপ বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও সঠিক দিকনির্দেশনা দিতে এ সেমিনারের আয়োজন করা হয়।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ‘এক্সপ্লোরিং ইউএসএ হায়ার এডুকেশন অপরচুনিটিস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এবং ঢাকার ইউএসএ অ্যাম্বাসির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে সহযোগিতা করে জাস্ট ক্যারিয়ার ক্লাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
সেমিনারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তির যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় প্রস্তুতি এবং স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শিক্ষার্থীদের করণীয় ও বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানো এবং বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সঠিক তথ্য ও প্রস্তুতির সুযোগ করে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পরিকল্পনা গ্রহণ ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।