রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ভাওয়াল বদরে আলম কলেজে পরিচ্ছন্নতা নিশ্চিতে ২০টি ডাস্টবিন স্থাপন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ২০টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের সহযোগিতায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব ডাস্টবিন বসানো হয়।

জানা যায়, প্রায় ২৪ একর আয়তনের এই কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ২০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে ক্যাম্পাস মুখর থাকলেও পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় দীর্ঘদিন ধরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছিল। বিশেষ করে কলেজের মাঠ ও পুকুরপাড়সহ বিভিন্ন স্থানে আবর্জনা জমে ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছিল। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সমস্যা সমাধানে গত ২৪ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের কাছে ২০টি ডাস্টবিন চেয়ে আবেদন করা হয়। পরে সিটি করপোরেশনের পক্ষ থেকে ডাস্টবিনগুলো কলেজে হস্তান্তর করা হয়।

কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম সোহেল রানা জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনা করে সিটি করপোরেশনে আবেদন করা হয়েছিল। পরে তিনি নিজে উপস্থিত থেকে ডাস্টবিনগুলো সংগ্রহ করে কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এই উদ্যোগে কলেজ ছাত্রদল ও অধ্যক্ষ অধ্যাপক ছানোয়ারা সুলতানার সার্বিক সহযোগিতা ছিল।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ছানোয়ারা সুলতানা বলেন, ‘পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় শিক্ষার্থীরা অনেক সময় যেখানে-সেখানে ময়লা ফেলতেন। এতে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও তৈরি হচ্ছিল। বিষয়টি সমাধানে সিটি করপোরেশনের কাছে আবেদন করলে তারা ২০টি ডাস্টবিনের ব্যবস্থা করে দেয়।’

ডাস্টবিন স্থাপনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলার আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শুভ্র/