মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা, উন্মোচিত হলো শিরোপার ট্রফি

Orbit_2026

উৎসবমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হতে যাচ্ছে ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬’। প্রতিযোগিতা উপলক্ষে ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ অক্টোবর ২০২৬ থেকে মাঠে গড়াবে এবারের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তর।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্সের ডিন প্রফেসর ড. মো. নাসিম রেজা, শরীরচর্চা শিক্ষা দপ্তরের ড. অভিনু কিবরিয়া ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা এবং অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়। পরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে লটারির মাধ্যমে প্রথম রাউন্ডের ফিক্সচার (ম্যাচ সূচি) নির্ধারণ করা হয়। এবারের প্রতিযোগিতায় AIS, PESS ও Management বিভাগ প্রথম রাউন্ডে ‘বাই’ পেয়েছে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্রকে ঘিরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে প্রতিযোগিতার মূল মাঠের লড়াই। বিভিন্ন বিভাগের দলগুলো নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি শিরোপা জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে।