বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

১৮তম বিজেএসে শীর্ষস্থান ধরে রাখল রাবির আইন বিভাগ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বা বিজেএস পরীক্ষায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বা ৪১তম ব্যাচের শিক্ষার্থী। আজ বুধবার প্রকাশিত পরীক্ষার চূড়ান্ত ফলাফলে এই তথ্য জানা যায়।

দেশসেরা হওয়ার অনুভূতি প্রকাশ করে আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম বলেন, আমার যতটুকু সামর্থ্য ছিল, আমি তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়তো আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন, কিন্তু সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।

আইন বিভাগের জুনিয়র এবং ভবিষ্যতে এই পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দীর্ঘ যাত্রায় যেন কেউ ধৈর্য না হারায়। প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিন সমান সাফল্য আসবে না, কখনো ঘাটতি থাকবে আবার কখনো ভালো হবে। কিন্তু পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজেকে একটু একটু করে ঝালিয়ে নেওয়া খুবই জরুরি।

আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু বলেন, এই খবর শুনে অত্যন্ত ভালো লাগছে। রাবির আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হয়েছে, এটি অবশ্যই আমার এবং আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সিয়ামসহ ১৮তম বিজেএসে উত্তীর্ণ হওয়া দুই শ জনকেই তিনি প্রাণঢালা অভিনন্দন জানান।

উল্লেখ্য, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বা বিজেএস পরীক্ষা দেশের বিচার বিভাগে সহকারী জজ পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা। এর আগে ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম স্থান অর্জন করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাঝে ১৭তম পরীক্ষায় বিরতির পর ১৮তম বিজেএসেও শীর্ষস্থান অর্জন করে নিজেদের ধারাবাহিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখল রাবির আইন বিভাগ।