রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ভাইস-চ্যান্সেলরের সঙ্গে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

সাক্ষাৎকালে ভাইস-চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের বর্তমান চিত্র রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং এর মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তনের বিষয়েও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় জেলাভিত্তিক পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কলেজ স্থাপনের উদ্যোগ, দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশ, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় গুরুত্ব দেওয়া এবং দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের বিষয় তুলে ধরা হয়।

পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে যৌথভাবে কাজের উদ্যোগ এবং প্রান্তিক অঞ্চলের কলেজগুলোর শিক্ষার মান উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

কারিকুলাম ও সিলেবাস সংস্কারের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করার উদ্যোগের কথাও তুলে ধরেন ভাইস-চ্যান্সেলর। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগ বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও শিক্ষা সংস্কার উদ্যোগের বিষয়ে অবহিত হয়ে রাষ্ট্রপতি এসব কার্যক্রম এগিয়ে নিতে চ্যান্সেলর হিসেবে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে আরও ছিলেন স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশেক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার এবং অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন।

শুভ্র/