রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রাবি শিক্ষার্থীদের খাদ্য-স্বাস্থ্য নিরাপত্তায় ছাত্রদলের ১৬ দাবি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

শিক্ষার্থীদের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল। রোববার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) বরাবর স্মারকলিপি দিয়ে এসব দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের ডাইনিং, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া ও খাবারের দোকান নিয়মিত মনিটরিংয়ের আওতায় এনে খাবারের মান, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট, একাডেমিক ভবন ও আবাসিক হলগুলোতে পর্যাপ্ত ওয়াটার ফিল্টার স্থাপন, সেগুলো নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ এবং পানি পরীক্ষা করে নিরাপদ পানির ব্যবস্থা করার দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসকের সংখ্যা বাড়ানো, চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণ ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সহজলভ্য কাউন্সেলিং সেবা চালু এবং বিভাগভিত্তিক মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনারের আয়োজনের দাবি করা হয়েছে।

দাবিগুলোর মধ্যে দ্রুত ২৪ ঘণ্টার মডেল ফার্মেসি চালু, আধুনিক সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি এবং ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করার বিষয়ও রয়েছে। প্রয়োজনে অ্যাম্বুলেন্সে শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া এবং চিকিৎসা শেষে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত ফগিং ও কীটনাশক প্রয়োগ, ক্যাম্পাসের ড্রেনেজ ব্যবস্থা নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও স্থাপনায় থাকা মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র পরিবর্তন করে কার্যকর যন্ত্র স্থাপন, গ্রীষ্মকালে প্রয়োজনীয় শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি ও সেমিনার কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা কার্যক্রম আরও সহজ ও শিক্ষার্থীবান্ধব করার দাবিও রয়েছে।

স্মারকলিপিতে ক্যাম্পাসের পুরোনো, দুর্বল ও ঝুঁকিপূর্ণ গাছের ডাল নিয়মিত পরিদর্শন ও প্রয়োজনীয় ছাঁটাই, গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত পাবলিক ওয়াশরুম স্থাপন এবং বহুতল ভবনে লিফট স্থাপনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সাপ ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব কমাতে নিয়মিত ঝোপঝাড় পরিষ্কারের কথাও বলা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, নিরাপত্তা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

ডিএ/