শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

অপ্রতিম হত্যায় কুবি উপাচার্যের শোক, রবিবার বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রবিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। শোক পালনের অংশ হিসেবে এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।

​আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও স্তব্ধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

​এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০ সেপ্টেম্বর রবিবার সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। এর ফলে ওই দিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে সংশ্লিষ্ট বিভাগ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

​এর আগে অপর এক শোকবার্তায় অপ্রতিমের মর্মান্তিক ও অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং ড. নাহিদা বেগমসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

​উল্লেখ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় স্কুলপড়ুয়া অপ্রতিম। পরে আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি পাহাড়ি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িতদের খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে আটক করা হয়েছ দুজনকে।

শুভ্র/