জবিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সিহাব-ইসরাফিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র আগামী এক বছরের জন্য নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ইনজাম উল হাসান সিহাবকে সভাপতি, মোহাম্মদ ইসরাফিলকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ নাইমুলকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। একই সঙ্গে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো. হাবিবুর রহমান, শ্রেয়া বিশ্বাস ও শরিফুল ইসলাম শিপন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আবু সায়েম, নাদিয়া নোভা ও মুহাইমিন। সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ নাইমুলের সঙ্গে দায়িত্ব পালন করবেন নাজমুন্নাহার নদীয়া ও মেহেদী হাসান।
দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে নবনির্বাচিত সভাপতি ইনজাম উল হাসান সিহাব বলেন, ‘রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির সব কার্যক্রম সবাইকে সঙ্গে নিয়ে পরিচালনা করতে চাই। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে কাজ করে যাব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি অন্যতম একটি সংগঠন। সামনের দিনগুলোতেও এর ঐতিহ্য ও কার্যক্রম অব্যাহত রাখতে আমরা কাজ করব।’
সাধারণ সম্পাদক পদে মনোনীত মোহাম্মদ ইসরাফিল বলেন, ‘ঐতিহ্যবাহী এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং রাজবাড়ীর শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করার বড় একটি সুযোগ। যারা আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা, সেবা, ঐক্য’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও কল্যাণমুখী পরিবেশ গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব।
সংগঠনের উপদেষ্টাদের স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে নতুন আংশিক কমিটিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও পারস্পরিক সহযোগিতায় সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।