বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

যবিপ্রবিতে প্রতিষ্ঠা হচ্ছে ইনোভেশন সেন্টার, আবেদন করতে পারবে স্টার্টআপগুলো

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বা সিএসই বিভাগে প্রতিষ্ঠা হতে যাচ্ছে জাস্ট ইনোভেশন সেন্টার বা জেআইসি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত আইসিএসইটিইপি প্রকল্পের আওতায় এই সেন্টারটি গড়ে তোলা হচ্ছে।

​প্রযুক্তিভিত্তিক নতুন ও উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করা বিশ্ববিদ্যালয়ের নবীন স্টার্টআপগুলোকে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা সরাসরি মেন্টরশিপ পেশাদার নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক প্রসারের পথ সুগম করার লক্ষ্যেই মূলত এই কেন্দ্রটি কাজ করবে।

​ইনোভেশন সেন্টারের উদ্যোগে সিএসই বিভাগে সফলভাবে নির্বাচিত স্টার্টআপগুলোর জন্য রাখা হয়েছে ডেডিকেটেড ওয়ার্কিং স্পেস মিটিং রুম এবং সেমিনার রুম ব্যবহারের বিশেষ সুযোগ। এছাড়া লিগ্যাল ফাইন্যান্স ও প্রযুক্তি খাতের প্রথম সারির বিশেষজ্ঞদের কাছ থেকে সার্বক্ষণিক মেন্টরশিপের সুবিধাও পাবেন তরুণ উদ্ভাবকেরা।

​বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্ভাবনী স্টার্টআপ গ্রুপগুলোর কাছ থেকে প্রজেক্ট প্রপোজাল বা প্রকল্প প্রস্তাব আহ্বান করা হচ্ছে। জেন্ডার ইনক্লুসিভিটি ও প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির অংশ হিসেবে নারী উদ্যোক্তাদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করেছে কর্তৃপক্ষ।

​প্রকল্পের শর্ত অনুযায়ী আগ্রহী স্টার্টআপগুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে ইমেইলের মাধ্যমে (jic@just.edu.bd) তাদের প্রকল্প প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। সম্পূর্ণ কার্যক্রমটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত জেআইসি পলিসি অনুসরণে পরিচালিত হবে।