শনিবার, ২৯ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫ ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মো. আব্দুল আলিম এবং উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশীদ। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।

​অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও উপাচার্য ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী কয়েকজন শিক্ষার্থীর হাতে উপহার তুলে দিয়ে তাদের বরণ করে নেন। এ সময় আইন বিভাগের সিয়াম আলী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শুকরিয়া ফার্মেসি বিভাগের মো. আদিব আহমেদ হৃদয় আইবিএর সামিয়া তাসরিন শ্রেয়া হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের চরণ বিকাশ ত্রিপুরা এবং মনোবিজ্ঞান বিভাগের মো. সাব্বির হোসেন অন্তর এই সম্মাননা গ্রহণ করেন। পরে নবীন শিক্ষার্থীদের ও অভিভাবকদের পক্ষ থেকে কয়েকজন আবেগঘন ভাষায় তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের নির্দেশনায় তৈরি একটি পরিচিতিমূলক প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ বলেন বাংলাদেশে উচ্চশিক্ষায় বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অত্যন্ত প্রতিযোগিতার বিষয়। এখানে যারা ভর্তি হয়েছে তারা মেধাবীদের মধ্যে অন্যতম। শিক্ষার্থীরা জ্ঞানার্জনের পাশাপাশি নিজেদের মধ্যে মানবিক মূল্যবোধ ও শুভবোধের বিকাশ ঘটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন জাতি এই শিক্ষার্থীদের মাঝেই ভবিষ্যতের উন্নত বাংলাদেশকে দেখতে চায়।

​সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন আজ থেকে তোমরাই এই বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। উচ্চশিক্ষার এই অঙ্গন মুক্তচিন্তার সূতিকাগার হলেও শিক্ষার্থীদের অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের আচার আচরণ প্রকাশ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে তুলে ধরার দায়িত্ব এখন নবীনদের কাঁধেই বলে তিনি স্মরণ করিয়ে দেন।

​বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মো. আব্দুল আলিম শিক্ষার্থীদের আধুনিক ক্লাসরুম ও গ্রন্থাগারের সদ্ব্যবহার করে গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। অন্যদিকে উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশীদ সেশনজট শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর বিশেষ জোর দেন।

​নবীনবরণ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও ছাত্র উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ সুখরঞ্জন সমাদ্দার টিএসসিসির ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব। অনুষ্ঠানে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন হল প্রাধ্যক্ষ বিভাগীয় সভাপতি বিশিষ্ট শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বরণ অনুষ্ঠান সমাপ্ত হয়।

শুভ্র/