বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

জাতীয় কবির প্রয়াণ দিবসে ‘তেপান্তর সাহিত্য সভা’র স্মারক পাঠচক্র অনুষ্ঠিত

নেটওয়ার্ক নিউজ বিডি

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মরণে বিশেষ পাঠচক্রের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ভিত্তিক সাহিত্য সংগঠন ‘তেপান্তর সাহিত্য সভা’। বৃহস্পতিবার (২৭ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে কবির জনপ্রিয় কাব্যগ্রন্থ ‘দোলনচাঁপা’ নিয়ে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

​সংগঠনের সভাপতি মুহাম্মাদ রিয়াদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই পাঠচক্রে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষক সাইদুর রহমান শুভিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন চবির বাংলা বিভাগের শিক্ষার্থী ও তরুণ কবি মুহাম্মাদ রিয়াদ উদ্দিন।

​প্রধান আলোচক সাইদুর রহমান শুভিন তাঁর বক্তব্যে বলেন, “নজরুলের কাব্যে কেবল বিদ্রোহ নয়, প্রেমও সমানভাবে বর্ণিত হয়েছে। ‘দোলনচাঁপা’ কাব্যগ্রন্থে নারীর কাছে প্রতারিত হওয়ার যে বেদনা বিদ্যমান, তা নজরুলের কাছে গৌরবের এবং তিনি সেই বেদনা পেতে ভালোবাসেন, যা তিনি ‘ব্যথা-গৌরব’ হিসেবে প্রকাশ করেছেন।” বিশেষ আলোচক মুহাম্মাদ রিয়াদ উদ্দিন বলেন, “নজরুল নারীকে যেমন দেবী বলেছেন, তেমনই লোভীও বলেছেন। নারী ও নিসর্গের সৌন্দর্য এই কাব্যের পরতে পরতে অভিমান ও ভালোবাসার দীপ্তিতে ফুটে উঠেছে।”

​‘দোলনচাঁপা’ কাব্যগ্রন্থের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এই পাঠচক্রে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের পাঠপ্রতিক্রিয়া উপস্থাপন, মতামত প্রদান এবং উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তেপান্তর সাহিত্য সভার সাধারণ সম্পাদক নুসরাত সুলতানা, সাংগঠনিক সম্পাদক খাদিজা আফরিন মিতুসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, কবির বিদ্রোহী সত্তার পাশাপাশি প্রেমিক সত্তার এই চর্চা তরুণ প্রজন্মের মাঝে নজরুলের বহুমুখী সাহিত্যকর্মের বিকাশ ও প্রাসঙ্গিকতা আরও সুদৃঢ় করবে।

সএন/