বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

​বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।

​পুষ্পস্তবক অর্পণ শেষে কবির সমাধি প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. আবদুস সালাম এবং উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। অনুষ্ঠানে স্মারক বক্তৃতা প্রদান করেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. তারিক মনজুর এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম সিরাজ সালেকীন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং জাতীয় কবির নাতনি খিলখিল কাজী উপস্থিত ছিলেন।

​সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন তাঁর জীবন ও সাহিত্যকর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়। সমাজের বৈষম্য অনাচার নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। সাম্য সৌহার্দ্য ও শান্তি বজায় রেখে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার শিক্ষাও আমরা নজরুলের সাহিত্যকর্ম থেকেই পাই। জাতীয় কবিকে বহুমাত্রিক গুণের অধিকারী উল্লেখ করে তাঁর জীবন ও সাহিত্যকর্ম থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম ও মানুষের প্রতি মমত্ববোধ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন করেন। এছাড়া জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় কোরআনখানি অনুষ্ঠিত হয়।

শুভ্র/