বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ তদন্তে তিন সদস্যের কমিটি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি চত্বরে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রফেসর মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হিসেবে রয়েছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রফেসর মো. সাহাল উদ্দীন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দর্শন বিভাগের প্রফেসর মো. আরিফুল ইসলাম। আগামী তিন কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় ঘটা ওই অবাঞ্ছিত ঘটনায় আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে তাদের দ্রুত সুস্থতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম হাসপাতালে ছুটে যান। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা সহাবস্থান পারস্পরিক শ্রদ্ধা সহনশীলতা ও সম্প্রীতির একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন দুটি বিভাগই এই বিশ্ববিদ্যালয়ের গর্বিত অংশ। কোনো বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কোনোভাবেই প্রত্যাশা করে না। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা নিরপেক্ষভাবে যাচাই করা হবে বলে বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।