তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

‘ওয়ান জার্নি এন্ডস, অ্যানাদার জার্নি বিগিন্স’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সরকারি তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের (জিটিসিইএলসি) ফেয়ারওয়েল প্রোগ্রাম ২০২৬। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১টায় কলেজের ইংরেজি বিভাগে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত ক্লাবের বিদায়ী এক্সিকিউটিভ সদস্য ও মেন্টরদের সম্মাননা জানাতেই ছিল চমৎকার এই আয়োজন।
অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান মেন্টর মো. আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেন্টর মো. সাইফুল ইসলাম রাকিব, সাবেক সহসভাপতি ও বর্তমান মেন্টর তাহমিনা নাজনীন তন্নী, সাবেক সহকারী সাধারণ সম্পাদক জিনান ইসলাম এবং সাবেক বিতর্ক সম্পাদক ফাহমিদা সুলতানাসহ বিদায়ী সদস্যদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। ক্লাবের সাধারণ সম্পাদক ফাতেমা জাহান আনিকার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও পরিচিতি পর্বের মাধ্যমে শুরু হয় মূল আয়োজন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাবেক সদস্যদের উদ্দেশে বর্তমান কমিটির তৈরি করা একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন। এতে সাবেক সদস্যদের ক্লাবে পথচলার শুরু, বিভিন্ন অর্জন ও অবদানের চিত্র তুলে ধরা হয়। এরপর ক্লাবের সার্বিক কার্যক্রম, প্রতিষ্ঠা ও বিভিন্ন উদ্যোগের বিবরণ তুলে ধরে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন ইয়াকুব হোসাইন। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে বিদায়ী সদস্যদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। এরপর সিনিয়র সদস্যরা ক্লাবে তাদের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণমূলক অনুভূতি ব্যক্ত করেন। আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীদের গান, কবিতা আবৃত্তি এবং একটি দলীয় নাটক পরিবেশিত হয় যা উপস্থিত সবার ব্যাপক প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারাহ্ চৌধুরী। তিনি বলেন, জিটিসিইএলসি একটি পরিবারের মতো। এখানে যে বন্ধন তৈরি হয় তা শুধু বিদায় নেওয়ার সঙ্গেই শেষ হয়ে যায় না। এই আত্মিক টান সারা জীবন টিকে থাকে। যারা আজ বিদায় নিচ্ছেন তারা সবার স্মৃতিতে সবসময় উজ্জ্বল হয়ে থাকবেন। বিশেষ অতিথি হিসেবে ক্লাবের উপদেষ্টা অধ্যাপক পরিতোষ মণ্ডল এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফেরদৌসী সুলতানা উপস্থিত ছিলেন। অধ্যাপক পরিতোষ মণ্ডল তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে ইংরেজির গুরুত্ব অপরিসীম। সেই চাহিদা মাথায় রেখেই ক্লাবটি সক্রিয়ভাবে কাজ করছে। নতুন সদস্যরা এর মাধ্যমে কেবল ভাষাই শিখছে না, বরং তাদের ব্যক্তিগত ও কর্মজীবনের ভিত্তি সুদৃঢ় করছে।
সমাপনী বক্তব্যে ক্লাবের বর্তমান সভাপতি মো. ফারদিন আল রুবায়েত বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তুলতে ক্লাবটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ইতোমধ্যেই এটি কলেজে দারুণ পরিচিতি পেয়েছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তাঁর এই সমাপনী বক্তব্যের মধ্য দিয়েই উৎসবমুখর পরিবেশে চমৎকার এই বিদায় সংবর্ধনার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
শুভ্র/