উচ্চশিক্ষায় সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার আশ্বাস রাশিয়ান হাউসের

উচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার আশ্বাস দিয়েছে রাশিয়ান হাউস। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক আলেকজান্দ্রা খলেভনয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এই আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয় ও রাশিয়ান হাউসের মধ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা, গবেষণা কার্যক্রম এবং কারিগরি সহযোগিতাসহ পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিক্ষার্থী ও শিক্ষক পর্যায়ে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আমানুল্লাহ বলেন, আন্তর্জাতিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। বিশেষ করে উচ্চশিক্ষায় দক্ষতাভিত্তিক ও টেকনিক্যাল এডুকেশনে রাশিয়া সহযোগিতা করতে পারে উল্লেখ করে তিনি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অংশীদারিত্ব আরও বিস্তৃত করার ওপর জোর দেন। তিনি জানান, অধিভুক্ত বিপুলসংখ্যক শিক্ষার্থীকে আধুনিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ দিতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে রাশিয়ার শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করতে উচ্চশিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
এ সময় বাংলাদেশ রাশিয়ান দূতাবাসের কালচারাল প্রোগ্রাম বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মন, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া এবং মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসএন/