এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ। আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী এবং সারা দেশে শতভাগ ফেল করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩১২টি। গত বছরের তুলনায় এবার পাসের হার ৬.২ শতাংশ কমেছে। উল্লেখ্য, গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবার গত বছরের চেয়ে ২২ হাজার ৩৫৬ জন কম।
বিভিন্ন বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ (জিপিএ-৫ ৩৩,২৫৩), রাজশাহী বোর্ডে ৬৩.৬৭ শতাংশ (জিপিএ-৫ ১৬,১১৩), যশোর বোর্ডে ৬৬.২৭ শতাংশ (জিপিএ-৫ ১১,৪৭৮), কুমিল্লা বোর্ডে ৬৫.৪২ শতাংশ (জিপিএ-৫ ৯,৮১৪), চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮ শতাংশ (জিপিএ-৫ ৯,৩৯৮), বরিশাল বোর্ডে ৬০.৩৫ শতাংশ (জিপিএ-৫ ২,৭৭৮), সিলেট বোর্ডে ৫৮.৩৩ শতাংশ (জিপিএ-৫ ৩,৮৩৬), দিনাজপুর বোর্ডে ৫৮.০৫ শতাংশ (জিপিএ-৫ ১৩,৬৩৯) এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ (জিপিএ-৫ ৫,৭০০)।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬,৭১৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩,৯৫১ জন শিক্ষার্থী।
এসএন/