বুধবার, ৫ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রাবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নেটওয়ার্ক নিউজ বিডি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, বিজয় শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আর্ট ক্যাম্প ও আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন হয়। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফিতা কেটে জুলাই আলোকচিত্র প্রদর্শনী ও ডকুমেন্টারির উদ্বোধন করেন উপাচার্য ও উপ-উপাচার্য।

সকাল ১০টায় সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আবাসিক শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। একই সময়ে উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় ও অতিথিদের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

এরপর সকাল পৌনে ১১টায় চারুকলা অনুষদের উদ্যোগে মুক্তমঞ্চে ‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক আর্ট ক্যাম্প উদ্বোধন করা হয়। সকাল ১১টায় সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেন সংঘটিত হয়েছিল এবং কেন তা অনিবার্য হয়ে উঠেছিল, তা বারবার স্মরণ করতে হবে। সেই অর্জনকে কাজে লাগিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলাই সবার অঙ্গীকার হওয়া উচিত।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, তবে বিভেদ সৃষ্টি হলে তার পুনরুত্থানের সুযোগ তৈরি হতে পারে। তাই জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।