মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

তারুণ্যের কণ্ঠে আগামীর বাংলাদেশ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি শাখা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কর্তৃক আয়োজিত  ‘আগামীর সময়’ নিবেদিত আন্তঃশাখা বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (৩ আগস্ট) রাতে অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাবি শাখার বিতার্কিক দল ‘আম্রকানন’।

‘তারুণ্যের কণ্ঠে আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতায় সংগঠনের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখাসহ দেশের ১৬টি ক্যাম্পাস থেকে বিতার্কিক দল অংশ নেয়।

ফাইনালে বিতর্কের বিষয় ছিল, ছোট রাষ্ট্রগুলোর জন্য নিরপেক্ষ পররাষ্ট্রনীতি সর্বোত্তম। এই বিষয়ের পক্ষে শক্ত অবস্থান নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দল ‘আম্রকানন’। যুক্তি, তথ্য, বিশ্লেষণ ও চমৎকার উপস্থাপনার মাধ্যমে তারা বিচারকদের মুগ্ধ করে। বিচারকমণ্ডলী তাদের প্রস্তাবটি গৃহীত বলে ঘোষণা করেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতার প্রতিটি পর্বেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা দূরদর্শী বিশ্লেষণের মাধ্যমে প্রতিপক্ষকে পরাজিত করেন। এর আগে নকআউট পর্বে শক্ত প্রতিদ্বন্দ্বী ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল দলটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ। তিনি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এমন অসাধারণ সাফল্যের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার বিতার্কিক দলকে আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এসএন/