শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় কলাম লেখক ফোরামের আয়োজনে ‘আয়না’ নিয়ে পাঠচক্র

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মাসিক পাঠচক্র ‘পাঠতরঙ্গ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) গুগল মিট প্ল্যাটফর্মে আয়োজিত এবারের পাঠচক্রে আলোচ্য বিষয় ছিল প্রখ্যাত সাহিত্যিক ও রাজনীতিক আবুল মনসুর আহমদের বিখ্যাত ব্যঙ্গগল্পের বই ‘আয়না’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধশতাধিক সদস্য ভার্চুয়াল এই আয়োজনে অংশ নেন।

শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাইমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শাখার সদস্য সাজ্জাদুল ইসলাম পাভেল এবং গীতা পাঠ করেন বন্যা বৈষ্ণব।

পাঠচক্রে বইটির ওপর বিস্তারিত আলোচনা করেন ফোরামের সদস্য মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য তাসনিয়া তাবাসসুম এবং সাবেক সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র। আলোচনায় তারা বলেন, ‘আয়না’ কেবল কয়েকটি গল্পের সমাহার নয়, এটি আমাদের সমাজের এক নির্মম প্রতিচ্ছবি। এত আগে লেখা হলেও বইটিতে সমাজের নানা অসঙ্গতি, ধর্মব্যবসা এবং রাজনীতির নামে যে কপটতার চিত্র তুলে ধরা হয়েছে, তা বর্তমান সময়ের সমাজবাস্তবতায়ও সমানভাবে প্রাসঙ্গিক।

বক্তারা ‘হুজুর কেবলা’, ‘গো-দেওতা কা দেশ’ বা ‘লিভরে-কওম’ এর মতো গল্পগুলোর প্রেক্ষাপট টেনে লেখকের সাহসিকতা ও দূরদর্শিতার দিকটি তরুণ সদস্যদের সামনে চমৎকারভাবে তুলে ধরেন। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে একশ্রেণির মানুষ কীভাবে নিজেদের স্বার্থ হাসিল করে, আলোচনায় সেই বিষয়গুলোও গুরুত্ব পায়।

মননশীল এই সাহিত্য আলোচনার পর অনুষ্ঠানের শেষাংশে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এতে সংগীত পরিবেশন করেন ফোরামের সম্পাদকীয় পর্ষদ সদস্য সাব্বির হাসান নিরব এবং তানজিলা আক্তার, কবিতা পাঠ করেন তানজিদ শুভ্র, নাইমা খাতুন। সাহিত্য আলোচনা ও সংস্কৃতির চমৎকার এই মেলবন্ধনে পাঠচক্রটি অংশগ্রহণকারীদের জন্য দারুণ উপভোগ্য হয়ে ওঠে।

শুভ্র/