বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রাবিতে উদ্ভাবিত রানীক্ষেত রোগের ভ্যাকসিনের ‘মাস্টার সীড’ হস্তান্তর

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদ্ভাবিত মুরগির মরণঘাতী রানীক্ষেত রোগের ভ্যাকসিনের (টিকা) ‘মাস্টার সীড’ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এই মাস্টার সীড হস্তান্তর করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী এবং ঢাকার প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের রানীক্ষেত ভ্যাকসিন অনুবিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. তাহমিনা বেগম এই ভ্যাকসিন ‘মাস্টার সীড’ গ্রহণ করেন।

সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ড. শশি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “মুরগির রানীক্ষেত রোগের ভ্যাকসিনের ‘মাস্টার সীড’ উদ্ভাবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হওয়া মৌলিক গবেষণার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতি বছর আমাদের দেশে রানীক্ষেত রোগে পোল্ট্রির যে ব্যাপক প্রাণহানি ঘটে, এই ভ্যাকসিনের মাধ্যমে তা রোধ করা সম্ভব হবে বলে আমি আশাবাদী।”

তিনি আরও বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের (শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়) যথেষ্ট সুযোগ রয়েছে। আমাদের দেশের সরকারি ও বেসরকারি খাতগুলো যদি উদ্ভাবনমূলক গবেষণার জন্য এগিয়ে আসে, তবে এই বিশ্ববিদ্যালয়ে তা সফলভাবে সম্পন্ন করা যাবে। ফলে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্ভাবনগুলো দেশেই সম্পন্ন করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক খন্দকার মো. মোজাফফর হোসেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।