শুক্রবার, ১ মে ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

শিক্ষার্থীদের ভাবনায় শ্রমিকের অধিকার ও সম্মান

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ঘাম আর শ্রমে যারা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন, সেই শ্রমিক শ্রেণি আজও নানাভাবে অবহেলিত। তাদের ন্যায্য মজুরি ও মানবিক জীবনযাপন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, নারী শ্রমিকদের সুরক্ষা এবং কাজের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা একটি সভ্য সমাজের মূল দায়িত্ব। শ্রমিকদের বর্তমান অবস্থা এবং তাদের অধিকার নিয়ে কয়েকজন শিক্ষার্থীদের মতামত জানাচ্ছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী উম্মে সালমা…

শ্রমিকের মানবিক জীবনযাপন 
জান্নাতুল শুভ্রা
শিক্ষার্থী, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর।

শ্রমিকদের মানবিক জীবন যাপন শুধু অর্থনৈতিক বিষয় নয়, বরং এটি এক গভীর মানবিক ও নৈতিক প্রশ্ন। একটি দেশের শিল্প, নির্মাণ ও উৎপাদন খাত যাদের শ্রমে টিকে থাকে, সেই মানুষগুলোই প্রায়শই বঞ্চিত থাকে ন্যূনতম জীবনমান থেকে। দীর্ঘ কর্মঘণ্টা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপ্রতুল মজুরি তাদের জীবনে ক্লান্তি ও অনিশ্চয়তা তৈরি করে। অনেক সময় তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়, আবার কখনো সচেতন হলেও দাবি জানানোর সুযোগ পায় না। ফলে শোষণ একটি নীরব বাস্তবতায় পরিণত হয়। অথচ একজন শ্রমিকও স্বপ্ন দেখে সন্তানের শিক্ষা, নিরাপদ বাসস্থান, সুস্থ জীবনের। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য প্রয়োজন সচেতনতা, কার্যকর আইন প্রয়োগ এবং সামাজিক সহমর্মিতা। শ্রমিককে কেবল উৎপাদনের যন্ত্র হিসেবে না দেখে একজন মানুষ হিসেবে মূল্যায়ন করতে পারলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। কারণ একটি সমাজ তখনই মানবিক হয়ে ওঠে, যখন তার সবচেয়ে পরিশ্রমী মানুষগুলোও সম্মান ও নিরাপত্তার সাথে বাঁচতে পারে।

 

শ্রমিকদের প্রতি সম্মান প্রদর্শন
সুমাইয়া শাহ্
শিক্ষার্থী, রাঙ্গামাটি সরকারি কলেজ।

শ্রমিকদের প্রতি সম্মান প্রদর্শন কেবল নৈতিক দায়িত্ব হিসেবে দেখলে হবে না, বরং এটি প্রতিটি সভ্য সমাজের মূল ভিত্তি। তবে একটু লক্ষ্য করলে দেখা যায়, শ্রমজীবী মানুষগুলোই আমাদের সমাজে অধিক হারে অবহেলিত। যেমন- ন্যায্য মজুরি ও অধিকার, কর্মক্ষেত্রে সম্মান, নিরাপত্তা ও মানবিক অধিকার ইত্যাদি বিষয়ে সর্বাধিক অবহেলিত হয়ে থাকে শ্রমিক শ্রেণি। অথচ শ্রমজীবীরা তাদের রক্ত ও ঘাম দিয়ে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখেন। আমাদের দৈনন্দিন জীবনকে সহজ ও সুন্দর করতেই তাদের অক্লান্ত পরিশ্রম। সকালের এক কাপ চা আমাদের চাঙ্গা করে তোলে, দৈনন্দিন চলাচলে রিকশাসহ বিভিন্ন যানবাহন আমাদের যাতায়াত সহজ করে। বাগানের সেরা চা তোলা কিংবা নিরাপদে যাত্রা নিশ্চিত করা প্রত্যেকটি কাজ শ্রমিকেরা কঠোর পরিশ্রম করেই করে থাকেন। তাই এই ঊর্ধ্বগামী দ্রব্যমূল্যের বাজারে সুস্থভাবে বাঁচার জন্য শ্রমিকদের ন্যায্য মজুরি, রাষ্ট্রীয়ভাবে স্থায়ী স্বাস্থ্য সুরক্ষা ও বিমা ব্যবস্থা নিশ্চিত করা হলে তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন সার্থক হবে। শ্রমিকের হাতই যেহেতু সমৃদ্ধির কারিগর, তাই তাদের সামগ্রিক কল্যাণেই নিহিত রয়েছে একটি দেশের প্রকৃত উন্নয়ন।

 

শ্রমিকদের সুরক্ষিত কর্মপরিবেশ
আরাফাত হোসেন
শিক্ষার্থী, চৌমুহনী সরকারি এস এ কলেজ।

‎শ্রমিক দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়, শ্রমিকদের অধিকার কোনো দয়া বা অনুগ্রহ নয়; বরং এটি তাদের ন্যায্য অধিকার। তবে বাস্তবতা, এখনও অনেক দেশে শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। অনেক ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার মান এখনও সন্তোষজনক নয়। কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব, অতিরিক্ত কাজের চাপ, ন্যায্য মজুরির ঘাটতি এসব সমস্যা আজও বিদ্যমান। বিশেষ করে, গার্মেন্টস খাতে বিভিন্ন দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি। শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংগঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মালিকপক্ষেরও উচিত শ্রমিকদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রাখা এবং তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া। মে দিবস আমাদের শুধু অতীতের সংগ্রামের কথা মনে করিয়ে দেয় না; এটি ভবিষ্যতের দিকনির্দেশনাও দেয়। একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই।

 

নারী শ্রমিকের নিরাপত্তা
তানজিলা আক্তার
শিক্ষার্থী, সরকারি আদমজী নগর এম. ডাব্লিউ কলেজ, নারায়ণগঞ্জ।

একটি সমাজের উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়েরই সমান অংশগ্রহণ প্রয়োজন। শুধু পুরুষের শ্রম ও মেধার উপর ভিত্তি করে সমাজের উন্নয়ন এবং কোনো দেশ অর্থনৈতিক অগ্রগতি করতে পারে না। বাংলাদেশেও নারীরা দিনে দিনে কর্মক্ষেত্রে নিজেদের অবস্থান করে নিচ্ছে। পোশাক শিল্প, কৃষি, শিক্ষা কিংবা আইটি সব ক্ষেত্রেই নারীরা ব্যাপক ভূমিকা পালন করছে। তবে সমাজ সৃষ্ট বিভিন্ন কারণে নারীরা আজ নানা বৈষম্যের শিকার হচ্ছে। কর্মক্ষেত্রে শহরের অনেক নারীরা অফিসে যাওয়ার পথে হেনস্তার শিকার হন। আবার গার্মেন্টস, কলকারখানা কিংবা সেলস প্রমোশনাল কাজে তারা তাদের সহকর্মী দ্বারা শারীরিক, মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ, যৌন হয়রানি রোধে কঠোর আচরণ এবং আইনের সহায়তা নিতে হবে। নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা কেবল তাদের অধিকার নয়, বরং এটি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নেও কার্যকরী ভূমিকা পালন করবে।

 

শ্রমিকের ন্যায্য অধিকার
অন্তি বড়ুয়া
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ।

নিজেদের ন্যায্য অধিকারের বিষয়ে আমরা নিজ নিজ জায়গা থেকে বেশ সোচ্চার। নিজেদের স্বার্থ বা অধিকারে সামান্য ঘাটতি হলেই আমরা প্রতিবাদ করি, আন্দোলন করি। কিন্তু সেই অধিকারের প্রশ্নটি যখন শ্রমিকের হয়, তখন আমরা কতটা সোচ্চার থাকি? একবার ভেবে দেখুন, এই শ্রমিকরা যদি না থাকত কিংবা তারা যদি কাজ না করত, তাহলে আমাদের সমাজ ও রাষ্ট্রের কী অবস্থা হতো?

শ্রমিকদের দিয়ে প্রায়ই নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি কাজ করানো হয়, অথচ সে অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হয় না। উল্টো ন্যায্য পাওনা চাইতে গেলে তাদের সঙ্গে অনেক সময় নির্মম আচরণ করা হয়। অথচ কাজের জন্য সম্মান ও ন্যায্য পারিশ্রমিক পাওয়া তাদের মৌলিক অধিকার। তাই শ্রমিক দিবসে আমার একটাই প্রত্যাশা, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হোক এবং তাদের বাঁচার জন্য একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা হোক।

শুভ্র/