মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

কক্সবাজার সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন

Orbit_2026

উৎসবমুখর পরিবেশ আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের মধ্য দিয়ে কক্সবাজার সরকারি কলেজে অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচি ও বর্ণিল উৎসবের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গানের সম্মিলিত সুরের মূর্ছনায় কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর একটি বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় কলেজের প্রশাসন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং বিএনসিসি (সেনা ও নৌ), রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট ইউনিটের সদস্যসহ বিপুল পরিমাণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ অহিদুল ইসলাম ও শিক্ষক পরিষদ সম্পাদক মুহাম্মদ উল্লাহ। বর্ষবরণ কমিটির আহ্বায়ক ও উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান রাধু বড়ুয়া চৌধুরীর সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বর্ষবরণ কমিটির সদস্য মোঃ মবিনুল আহসান।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় সাজানো বিভিন্ন স্টল অতিথিবৃন্দ পরিদর্শন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শোভাযাত্রায় সবচেয়ে আকর্ষণীয় সাজসজ্জায় সজ্জিত বিভাগ এবং মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ স্টল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরো আয়োজনটি কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়, যা নতুন বছরে শিক্ষা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

শুভ্র/