মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রাবি বিজ্ঞান অনুষদের ডীনস্ এ্যাওয়ার্ড পেলেন ৬ শিক্ষক ও ৩০ শিক্ষার্থী

নেটওয়ার্ক নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর বিজ্ঞান অনুষদের কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ডীনস্ এ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে। গবেষণা ও পড়াশোনায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অনুষদের ৬ জন শিক্ষক এবং ৩০ জন শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হয়।

​মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কারের চেক তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং সম্মানীত অতিথি ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস এ কে এম আজহারুল ইসলাম।

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর এফ নজরুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের ড. নাসিরুদ্দিন ও পদার্থবিজ্ঞান বিভাগের ড. রুমা পারভীন।

এ বছর বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ থেকে যারা পুরস্কৃত হয়েছেন:

শিক্ষক ক্যাটাগরি (মোট ৬ জন):

এবারের ডীনস্ এ্যাওয়ার্ড ও ডীনস্ আর্টিকেল এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন:

  • ​প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ (সর্বোচ্চ সংখ্যক)
  • ​ফলিত গণিত বিভাগ
  • ​পরিসংখ্যান বিভাগ
  • ​পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ

শিক্ষার্থী ক্যাটাগরি (মোট ৩০ জন):

মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিভাগভিত্তিক পুরস্কারপ্রাপ্তদের সংখ্যা নিচে দেওয়া হলো:

  • রসায়ন বিভাগ: ৫ জন
  • ফলিত গণিত এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ: ৪ জন করে
  • গণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান এবং ফার্মেসী বিভাগ: ৩ জন করে
  • পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ: ২ জন

পুরস্কার প্রদান শেষে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, যেকোনো অর্জনের পেছনেই কারো না কারো অবদান থাকে। আজকের এই কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্যের পেছনে তাদের মেধার পাশাপাশি শিক্ষক ও পরিবারের বড় ভূমিকা রয়েছে।

​তিনি আরও বলেন, “এই এ্যাওয়ার্ড যেমন তাঁদের মেধার স্বীকৃতি দিলো, তেমনি তাঁদের শিক্ষক ও পরিবারকেও সম্মানিত করলো। সামগ্রিকভাবে এই বিশ্ববিদ্যালয়ও সম্মানিত হলো।” তিনি আশা প্রকাশ করেন যে, এই স্বীকৃতি তাঁদের ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

​অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী আকবর, প্রফেসর মো. গোলাম হোসাইন, প্রফেসর সৈয়দ রাসেল কবির ও প্রফেসর মো. সাখাওয়াত হোসাইন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন তৌসিফ ইমরোজ খালেদী ও সোনালী আক্তার। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।