বরিশালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইমা আক্তার ও মো. ইসতিয়াক আহমেদের বিবাহোত্তর সংবর্ধনা। গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বরিশাল ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদসহ রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
কনে ইমা আক্তার বরিশালের কলেজ এভিনিউ এলাকার আর এম টাওয়ারের বাসিন্দা প্রবাসী মো. মাসুদ হাওলাদার ও শামিমা সুলতানা ইতির জ্যেষ্ঠ কন্যা। বর মো. ইসতিয়াক আহমেদ মরহুম কামাল উদ্দিন আহমেদ ও কানিজ ফাতিমার একমাত্র পুত্র। আয়োজক সূত্রে জানা গেছে, ইসতিয়াক আহমেদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সেজ ভাইয়ের ছেলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও আমন্ত্রিত অতিথিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং তাঁদের সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করেন। অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়। এ সময় স্বজন ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেতা শফিকুল ইসলাম পান্নু। তাঁর পরিচালনায় অতিথিদের আপ্যায়ন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন হয়। নবদম্পতির নতুন জীবনের পথচলা ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
শুভ্র/
