শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে পারে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬, ৮:৪৮ PM ৭ বার পঠিত
দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে পারে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

​সাংবাদিকতার স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল চর্চাই দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, গণমাধ্যম সমাজের দর্পণ এবং গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। তথ্যপ্রযুক্তির এই যুগে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও সত্যতা বজায় রাখা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি চ্যালেঞ্জিং।

​আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স ২০২৬’-এর নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​অপতথ্য ও ভুয়া সংবাদের ভিড়ে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের স্বাধীন, অনুসন্ধানী ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ড. আমানুল্লাহ বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ যেমন সমাজকে সঠিক পথ দেখাতে পারে, তেমনি অসত্য তথ্য বা গুজব মুহূর্তেই সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার ও মহৎ দায়িত্ব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের যুগে সাংবাদিকতার সামনে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ক্রমাগত নতুন প্রযুক্তি ও জ্ঞান অর্জন করতে হবে।

​অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে ভাইস-চ্যান্সেলর জানান, ২০২৭ সালের জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সেই সেশনজট থাকবে না। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে গতি আনা, সিলেবাস আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জনের বিষয়ে ব্যাপক কার্যক্রম চলছে। চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গতানুগতিক সিলেবাস পরিবর্তন করে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দময় শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় দেশজুড়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি ‘পারফর্মিং আর্টস কলেজ’ স্থাপনের উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

​অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বের প্রশংসা করে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় তাঁর গতিশীল নেতৃত্বে নতুন উচ্চতায় এগিয়ে যাচ্ছে। বিগত সাত বছর ধরে পিআইবি যে দীর্ঘ সেশনজটের মুখোমুখি ছিল, তিনি দায়িত্ব নেওয়ার পর সেই স্থবিরতা কাটতে শুরু করেছে।

​পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শরমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে দুজন বক্তব্য দেন। এ সময় পিআইবির সমন্বয়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!