নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে চারুকলা চত্বরের মুক্তমঞ্চে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
সকাল ১০টায় চারুকলা চত্বর থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপাচার্য ও উপ-উপাচার্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলী এবং প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান।
নববর্ষ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরে আবহমান বাংলার ঐতিহ্যবাহী ‘মেঠো খেলা’র আয়োজন করে রাকসুর ক্রীড়া ও খেলাধুলা বিভাগ। রাকসুর ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক মোছা. নার্গিস খাতুনের সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন রাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।
এছাড়া সন্ধ্যায় শহীদ মিনার মুক্তমঞ্চে রাকসুর সাংস্কৃতিক বিভাগের আয়োজনে ‘লোকসুরে নববর্ষ’ শীর্ষক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। মূল প্রশাসনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও নিজেদের মতো করে নানা আয়োজনে দিনটি উদযাপন করেছে।
